ভারত থেকে দেশে ফেরার পর এস আলম গ্রুপের মালিকানাধীন একটি গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার পুরোনো বিতর্ক নিয়ে জাতীয় সংসদে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি; পরিস্থিতির কারণে সমর্থকদের দেওয়া একটি গাড়িতে উঠেছিলেন।
বুধবার জাতীয় সংসদে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বিষয়টি উত্থাপন করেন। তিনি ইঙ্গিত করে বলেন, ‘যার নুন খেতে হয়, তার তো কিছু গুণ গাইতেই হয়।’
এর জবাবে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে ফেরার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, বরং বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে ফিরেছিলেন। তার ভাষ্য, কক্সবাজার বিমানবন্দরে বিপুল জনসমাগমের কারণে নিজের গাড়ি প্রবেশ করতে পারেনি। সমর্থকদের দেওয়া একটি গাড়িতে তিনি উঠেছিলেন, পরে সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি আমার গাড়ি করে সংবর্ধনা নিয়েছি। আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে। খুব একটা গরিব মানুষ না।’
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিতর্ক ওঠার পর তখনই প্রকাশ্যে ব্যাখ্যা দিয়েছিলেন এবং প্রয়োজন হলে দুঃখ প্রকাশও করেছিলেন। তাই পুরোনো বিষয়টি নতুন করে সংসদে তোলার প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে নাজিবুর রহমানের বক্তব্যের ভঙ্গির প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় বিতর্কে এমন রসিকতা বা ‘উইট’ থাকা উচিত।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বিষয়টি কার্যপ্রণালী বিধি অনুযায়ী পরীক্ষা করে দেখা হবে। অসংসদীয় কোনো মন্তব্য থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।














