১৭ মার্চ ২০২৬

এ যেন ভালোবাসার বসন্ত

বাংলাধারা প্রতিবেদন»

‘ফুল ফুটুক আর না ফুটুক/আজ বসন্ত।’ হ্যাঁ, আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। শুধু তা-ই নয়, আজ বিশ্ব ভালোবাসা দিবসও। ভালোবাসা আর বসন্ত মিলে আজ উৎসবে মাতোয়ারা থাকবে পুরো দেশ।

শীতের জরাজীর্ণতা কাটিয়ে রুক্ষ প্রকৃতি ফুলে ফুলে ঋদ্ধ হয়ে ওঠে বসন্তের আগমনে। ফাগুনের ঝিরঝিরে বাতাসে কোকিলের মিষ্টি কলতানে উন্মাতাল হয়ে ওঠে প্রকৃতি। ফুলেল বসন্তের সঙ্গে ভালোবাসা দিবসের আনন্দ আর উচ্ছ¡াসমুখরতায় মন-প্রাণ ভরে উঠবে আজ।

বঙ্গাব্দের পঞ্জিকা সংশোধনের কারণে ২০২০ থেকে একই দিনে পড়ছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস।

বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। ফুল ফোটার পুলকিত সময়। শীতের বিবর্ণতা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ফাগুনের ঝিরঝিরে বাতাস আর কোকিলের মিষ্টি কুহুতানে উন্মাতাল হবে ধরণি। যৌবনে আসবে উদ্দামতা। আনন্দ আর উচ্ছ্বাসমুখরতায় ভরে উঠবে মন-প্রাণ।

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/কোরো না বিড়ম্বিত তারে। ’ এভাবেই ঋতুরাজ বসন্তের বন্দনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতিতে যেমন, শিল্প-সাহিত্য, এমনকি রাজনীতিতেও বসন্ত বাঙালি জীবনে তাৎপর্যময়। এই বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। বসন্তেই বাঙালির মুক্তিসংগ্রামের শুরু।

আরও পড়ুন