বাংলাধারা ডেস্ক »
২০১৬ সালে একদিনই ওই ক্লাবে গেছেন, ফিতা কেটেছেন বলে জানিয়েছেন ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মেনন।
ক্যাসিনো চালানোর অভিযোগে ইয়ংমেনস ক্লাবের সভাপতি যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর রিমান্ডে আছেন। এ ক্লাব দিয়ে অভিযান শুরুর পর আরও একাধিক ক্লাবে অভিযানে বেরিয়ে আসছে ঢাকায় ক্যাসিনো সাম্রাজ্যের গোপন খবর।
চলমান এ অভিযানের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, দুর্নীতি, সামাজিক অপরাধ, ক্যাসিনো বন্ধে যে অভিযান শুরু হয়েছে এতে আমরা আনন্দিত, এটাকে আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা দুঃখিত ও বিস্মিত যে কিছু রাজনৈতিক কর্মী এই দুর্নীতি, অপকর্মের সঙ্গে জড়িত। নাকের ডগায় এসব অপকর্ম হয়েছে কিন্তু প্রশাসন নির্লিপ্ত ছিল। আমরা এর নিন্দা জানাই।
সভায় উপস্থিত জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমরা বলছি কোনো দল দেখে, কোনো মুখ দেখে যেন ব্যবস্থা নেয়া না হয়। যারা অপরাধী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। প্রশাসন থেকে দুর্নীতির কালো বিড়াল ধ্বংস করতে হবে। রাজনৈতিক দল থেকে দুর্বৃত্তদের বের করে দিতে হবে।
এদিকে ১৪ দলের সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
বাংলাধারা/এফএস/এমআর/এএ












