বাংলাধারা স্পোর্টস »
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। কুসল জেনিত পেরেরার নেতৃত্বে লঙ্কানরা সকালে ঢাকায় নেমে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চলে গেছে।
রোববার(১৬ মে) ভাড়া করা বিমানে সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দল। এরপর আনুষ্ঠানিকতা সেরেই তারা চলে গেছে হোটেলে। সফরকারী দলের বাংলাদেশে পৌঁছার কথা নিশ্চিত করেছে বিসিবির গণমাধ্যম বিভাগ।
কুশল পেরেরার নেতৃত্বে ১৮ সদস্যের শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলটি তারুণ্যনির্ভর। বায়ো-বাবলের মধ্যে থাকায় তিন দিনের বেশি কোয়ারেন্টিন করতে হবে না লঙ্কানদের।
আগামী ১৯ মে অনুশীলন আরম্ভ করবে লঙ্কান দল। ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ শেষে ২৩, ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে তারা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট।
শ্রীলঙ্কা দল: কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়েন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো।
বাংলাধারা/এফএস/এআর












