১৯ মার্চ ২০২৬

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে সাকিব-ফিজের হানা

বাংলাধারা স্পোর্টস »

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খেলা শুরু হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল।

তবে তিন ওভার তিন বল খেলা হওয়ার পরই বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় খেলা। এতে এক উইকেটে ১৫ রান নিয়ে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ। বেলা পৌনে একটার দিকে আবার খেলা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৫৯ রান। বাংলাদেশের হয়ে সাকিব নিয়েছেন তিনটি এবং মোস্তাফিজ নিয়েছেন দুই উইকেট।

এর আগে, অধিনায়কের আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। ৯ রানের মাথায় নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সুনিল এমব্রিজকে সাজঘরের পথ দেখান মুস্তাফিজ। অথচ রুবেল হোসেনের করা প্রথম ওভারের শেষ বলটি সোজা ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে সাহসী ব্যাটিংয়ের বার্তাই দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই সহ-অধিনায়ক। মুস্তাফিজের করা ওই বলটি মিডল-লেগ স্ট্যাম্পে আঘাত হানে। ফলে রিভিউ নিয়েও রক্ষা পাননি অ্যামব্রিস। এরপর সেই মুস্তাফিজুর রহমানের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন জশুয়া ডি সিলভা। বর্তমানে ব্যাট করছেন ম্যাকার্থি এবং জেসন মোহাম্মদ।

বুধবার ম্যাচ দিয়েই দেশের ১৪তম ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। যদিও তিনি নেতৃত্ব পেয়েছিলেন বেশ আগেই। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে থাকায় নিজের দায়িত্ব বুঝে নিতে পারেননি এ ওপেনার।

এদিকে ক্যালেন্ডারের পাতায় পাক্কা ৩১৩ দিন পর মাঠে ফিরল টাইগাররা। আর তাই বাধভাঙা উচ্ছ্বাস ক্রিকেট ভক্তদের মাঝে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। উইন্ডিজদের হারিয়ে প্রত্যাবর্তনটা হবে রাজকীয়। এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তবে দর্শকদের আক্ষেপ আছে মাঠে বসে খেলা দেখতে না পারায়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন