জেলা প্রতিনিধি, কক্সবাজার»
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজার জেলার সদর, রামু ও উখিয়া উপজেলার ২১টি ইউনিয়ন সমূহের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ প্রার্থীতা চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
এর মাধ্যমে কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলার ২১টি ইউপির প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বৈঠক মঙ্গলবার শেষ হয়।
কক্সবাজারের ২১ ইউপিতে নৌকা প্রতীকের অনুমোদন প্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে কামাল উদ্দিন, চৌফলদন্ডীতে মুজিবুর রহমান, ঝিলংজায় টিপু সুলতান, খুরুশকুলে মো. শাহজাহান ছিদ্দিকী ও পিএমখালীতে সিরাজুল মোস্তফা।
রামুর ১১ ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন রামুর সদর ফতেখাঁরকুলে নুরুল হক চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, চাকমারকুলে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ ইউনিয়নে ওসমান সরওয়ার মামুন, খুনিয়াপালংয়ে বর্তমান চেয়ারম্যান আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়িতে মহিলা আওয়ামীলীগ নেত্রী খোদেস্তা বেগম রীনা, ঈদগড়ে নুরুল আলম, গর্জনিয়ায় মুজিবুর রহমান, কচ্ছপিয়ায় সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, রাজারকুলে সরওয়ার কামাল সোহেল ও রশিদনগরে মোয়াজ্জম মোর্শেদ।
উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ে বর্তমান চেয়ারম্যান মো. শাহ আলম, জালিয়াপালংয়ে সাবেক চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম, রাজাপালংয়ে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালংয়ে নুরুল হুদা ও পালংখালীতে আবুল মনজুর।
বাংলাধারা/এফএস/এফএস












