১৭ মার্চ ২০২৬

কক্সবাজারে গণটিকা নিতে উপচে পড়া ভিড়

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারেও সারাদেশের মতো গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সকাল হতে কেন্দ্রগুলোতে টিকা গ্রহণকারীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মো. মাহবুবুর রহমান জানান, কক্সবাজার জেলার ৪টি পৌরসভা ও ৭২ ইউনিয়নের ২২৮টি কেন্দ্রে সকাল থেকে এই গণশিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তিনি নিজেই বেশকিছু কেন্দ্র পরিদর্শন করেছেন বলে উল্লেখ করেন।

কক্সবাজার পৌরসভা, চকরিয়া পৌরসভা, টেকনাফ পৌরসভা, মহেশখালী পৌরসভাসহ ৭২টি ইউনিয়নে শনিবার গণটিকা প্রদানের জন্য টার্গেট ধরা হয়েছে ৬৮ হাজার ৪শ।

জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমান আরো জানান, প্রয়োজনের তুলনায় কেন্দ্র বাড়ানো হবে। চারটা পর্যন্ত টিকা দেয়ার সময় দেওয়া হলেও এরপরেও কোন কেন্দ্রে টিকা নিতে আসা লোকজন থাকলে তাদের অবশ্যই টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জনের মতে, কক্সবাজারে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। টিকার কোন সমস্যা নাই। কক্সবাজারের প্রতিটি নাগরিককে টিকার আওতায় আনতে চান তিনি।

শনিবার দুপুর ১২টাতেও সিভিল সার্জন চকরিয়ার একটি কেন্দ্রে রয়েছেন উল্লেখ করে বলেন, এখানে চাহিদার চেয়ে মানুষ বেশি আসায় টিকার সরবরাহ বাড়িয়ে দেয়া হয়েছে।

সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণের জন্য কক্সবাজার জেলাবাসীর প্রতি আহ্বান জানান সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

আরও পড়ুন