৮ মার্চ ২০২৬

কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ী গণেশ পালকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জিসান ও বাদশা নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) ভোররাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার পরিদর্শক ছমি উদ্দিন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, গণেশ হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছিল। জিসানের কথিত প্রেমিকা এবং পরে তার ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পিএমখালী এলাকা থেকে জিসান ও বাদশাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার জানান, কয়েক ঘণ্টার অভিযানের পর তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় নিজ বাড়ির ড্রেন নির্মাণের কাজ করছিলেন গণেশ পাল। একই এলাকার জিসান নামে এক যুবক তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও চারজন মিলে তাকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে গণেশ পালের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সন্ধ্যায় গণেশ পাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভও করেন বিক্ষুব্ধরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ