সায়ীদ আলমগীর, কক্সবাজার»
গত দুই দশকে কক্সবাজার জেলায় তিন হাজার পাহাড় কেটে নিচ্ছিন্ন করে ফেলেছে বনখেকোরা। লাখো বনের গাছ কেটে প্লট বানিয়ে, বসতি স্থাপন করে কক্সবাজারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে ওই গোষ্ঠীটি। এর পাশাপাশি রোহিঙ্গা আশ্রয় স্থাপনে উজাড় হয়েছে ৮ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল। ফলে আবাসস্থল হারিয়েছে বন্যপ্রাণী। এর পরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। বেশিভাগ সময়ই নিশ্চুপ থেকেছে প্রশাসন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ‘কক্সবাজারে পরিবেশ বিপর্যয় রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও পরিবেশ নিয়ে কাজ করা ‘সবুজ আন্দোলন’র কক্সবাজার জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার শহরের একটি অভিজাত রেস্তোঁরায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, পাহাড় ও বনাঞ্চল ধংসের কারনে এখন আর গাছ লাগিয়ে কক্সবাজারে পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। কারণ কক্সবাজারে বহুমুখী পরিবেশ বিপর্যয় ঘটেছে। বিপুল পরিমাণ গাছ লাগানোর পাশাপাশি আমাদেরকে দোষণ রোধে কাজ করতে হবে। মানুষের মাঝে সচেতনা বাড়াতে না পারলে, আমাদের নিজেদেট জন্য, দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। যা কল্পনারও বাইরে।
তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনও যে কোন সময় তলিয়ে যেতে পারে।
বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয় ও মারাত্মক বায়ুদূষণের কারনে সারাদেশের মতো কক্সবজারেও প্রতিনিয়ত অ্যাজমা (হাঁপানি), ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি রোগ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সারসহ মারাত্মক সংক্রামক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। দেশে প্রতিদিন আড়াইশো জনের বেশি মানুষ ক্যান্সার আকান্ত হয়ে মারা যাচ্ছে।
অথচ একটা সময় সারাদেশ থেকে কক্সবাজারে মানুষ ভ্রমণে আসতো বিশুদ্ধ বাতাস ও স্বাস্থ্যকর পরিবেশের জন্য। কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারনে এখন কক্সবাজারে বাতাসে বিষ এবং পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া মিলছে।
সবুজ আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আজাদ ইসলাম ও যুগ্ম আহবায়ক সাংবাদিক আমানুল হক বাবুলের সঞ্চালনা ও জেলা শাখার আহবায়ক অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রত্যাশা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক ছিলেন এসএ টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান কাজী হুমায়ুন কবির।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের স্বাস্থ্য সম্পাদক ডা. মাহতাব হোসাইন মাজেদ, জেলা শাখার যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ফাতেমা আনকিছ ডেইজি প্রমুখ।












