২০ মার্চ ২০২৬

কক্সবাজারে বিভক্তিহীন ছাত্রলীগের পথচলা শুরু

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে কোন ধরণের বিভক্তি থাকবে না। আমাদের কমিটিতে থাকবে না সভাপতি বা সাধারণ সম্পাদক গ্রুপ। আমরা সবাই এক সঙ্গে; এক কাতারে থেকে জননেত্রী শেখ হাসিনার ছাত্রলীগকে সুসংগঠিত করবো।

নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সোমবার (৯ নভেম্বর ২০২০) সন্ধ্যায় দোয়া মাহফিল শেষে এক প্রতিক্রিয়ায় নতুন সভাপতি-সাধারণ সম্পাদক এসব কথা বলেছেন।

সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সভাপতি বা সাধারণ সম্পাদক গ্রুপ সৃষ্টি করার পরিণতি খুব খারাপ হবে। কারো বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে কালবিলম্ব হবে না।

সভাপতি সাদ্দাম হোসেনের এ ঘোষণাকে সমর্থন করে নতুন সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেছেন, জেলা ছাত্রলীগসহ আওতাভুক্ত কোনো ইউনিট কমিটিতে গ্রুপিং প্রথা দেখতে চাই না। অতীতে থাকলেও সেধারা পরিবর্তন করতে আমরা নতুন সাংগঠনিক চর্চা শুরু করবো। এ রকম আরো অনেক অসাংগঠনিক প্রথাকে আমরা বিদায় দিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগকে সারাদেশের জন্য একটি আদর্শ কমিটি হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

এভাবে করা সম্ভব হলে আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য’র আস্তাকে যথাযথ সম্মান জানানো হবে উল্লেখ করে মারুফ সবার সহযোগিতায় লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছে পোষণ করেন।

জেলা ছাত্রলীগের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে নবগঠিত কমিটির সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এড. হাফেজ রিদওয়ানুল কাবীর।

এ সময় জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ কবির, যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদার, কক্সবাজার শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজীদ পাশা, কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদ সিকদার রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক উপধর্ম বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন জনি, সাবেক উপ অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা, সাবেক উপ-প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ, আইন সম্পাদক আবুল হোসেন আবু, সাবেক সহ-সম্পাদক কফিল উদ্দিন রিপন, সাবেক সহ-সম্পাদক মনসুর আলম, মহেশখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ, আবুহেনা বিশাদ, ইরফানুল হক হিমু, এনামুল কবির, হাসান তারেক, রাজিবুল ইসলাম মোস্তাক, ওসমান সরওয়ার, সরওয়ার কামাল, আকতার কামাল, আফসার উদ্দিন শান্ত, আবু বকর, তৌহিদ, আমিনুর রশিদ, তারেক, ইমরান, সাইফুল ইসলামসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য ১৪ জনের নাম ঘোষণা করে কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেন। এতে সভাপতি করা হয় সদ্য বিলুপ্ত কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মারুফ আদনানকে। তাদের সাথে মো. মাইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, নারিমা জাহানকে সহ-সভাপতি, আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো. শওকত হোসেনকে যুগ্ন-সম্পাদক এবং ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হককে । সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণা আসার পর এ কমিটিকে অবৈধ কমিটি অবহিত করে বয়কটের ঘোষনা দেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম। তাদের সাথে যোগ দেন নতুন কমিটির সহ-সভাপতি মইনসহ বিলুপ্ত কমিটির নানা পদের দায়িত্বশীলরা। তারা নতুন কমিটির বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে শহরের প্রধান সড়কের ফজল মার্কেট ও হাজেরা শপিং কমপ্লেক্স এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ঘোষণা করে হরতালও।

কিন্তু এতসবের পরও কোন প্রতিক্রিয়া না দেখিয়ে কেন্দ্রীয় নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন নতুন সভাপতি-সম্পাদক। জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি একেএম মোজাম্মেল হকের কবর জেয়ারত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে কার্যক্রম শুরু করে তারা। এরপর জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের দোয়া নিয়ে স্বাগত মিছিল করে। নতুন কমিটির মিছিলে শরিক হন নতুন কমিটি আসার পর বিরোধীতাকারিরাও। দোয়া মাহফিলে এসেও তারা কাধে কাধ মিলিয়ে ছাত্রলীগের মঙ্গলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে নতুন সভপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, জেলা ছাত্রলীগের সার্বিক সফলতা কামনায় আজকের মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগকে সুশৃংখল ও সুসংগঠিত করতে প্রতিটি স্তরের নেতাকর্মীদের সমন্বয়ে কাজ করে যাব। প্রতিটি স্তরের নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিত সুন্দর ও প্রগতিশীল শিক্ষা বান্ধব নেতৃত্ব জেলাবাসীকে উপহার দিব। রাজপথের ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে নিরলস ভূমিকায় কাজ করবে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন