কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের পর্যটন জোন কলাতলীর আলম গেস্ট হাউস নামের আবাসিক হোটেল থেকে সঞ্জয় কুমার সরকার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে হোটেলের ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় এ পর্যটকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সঞ্জয় কুমার সরকার সিরাজগঞ্জের বাসিন্দা ও দুই সন্তানের জনক বলে জানিয়েছেন পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকা নুপূর (১৮) নামের এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে টুরিস্ট পুলিশ। পরকীয়া প্রেমিকাকে নিয়ে অভিসারে এসে এ মৃত্যুর ঘটনা ঘটলো বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ বলেন, শনিবার বেলা ১২টার দিকে শহরের আবাসিক হোটেল আলম গেস্ট হাউসে এক যুবক গলায় ফাঁস লাগানোর খবর পেয়ে পুলিশ যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় তার সঙ্গে থাকা নারী সঙ্গী নুপূরকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য ট্যুরিস্ট পুলিশ হেফাজতে আনা হয়। সঞ্জয় নিজের শিশুকন্যা ও স্ত্রীকে ফেলে অন্যজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমের কারণে সিরাজগঞ্জ থেকে কক্সবাজার ভ্রমনে এসে ওই হোটেলে রুম ভাড়া নেয়। পরে দু’জনের মধ্যে বনিবনা না হওয়ায় এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে রাখা হয়েছে।












