কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার পৌর শহরের লালদীঘর পাড় ও শহীদ স্মরণী সড়কের মাথায় বসে সেবা দেয়া দরিদ্র ২৭ মুচি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কউক চেয়ারম্যান নিজেই এসব পরিবারের কর্তার হতে ত্রাণসামগ্রী তুলে দেন। এসময় ত্রাণ পেয়ে আবেগাপ্লুত হন কয়েকজন মুচি। নিচু জাত বলে করোনায় বিপর্যস্ত এসব মুচি পরিবারের খবর কেউ রাখেনি উল্লেখ করে তারা নিরবে কান্না করেন। এটাই তাদের প্রথম ত্রাণ পাওয়া বলে উল্লেখ করেন তারা।
উদ্বুধ পরিস্থিতিতে তাদেরকে শান্ত করে সাধ্যমতো পাশে থাকার প্রতিশ্রুতি দেন কউক চেয়াম্যান ফোরকান আহমদ। এসময় তিনি করোনার ভয়াবহতা সম্পর্কে অবগত করে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
সূত্র জানায়, কউক চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে কক্সবাজারে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে কয়েকযুগ ধরে শহরের লালদীঘির পাড়ে অবস্থান করে পরিসেবা দেয়া ২৭ পরিবারের খোঁজ নিয়ে এ ত্রাণ সহায়তা প্রদাণ করা হয়। পরিবারগুলোর জন্য চাল,আলু, ডাল, পেঁয়াজ এবং তেল সহায়তা ছিল।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, করোনায় বিশ্বময় চরম পরিস্থিতি বিরাজ করছে। কখন কি হয় একমাত্র আল্লাহই ভালো জানেন। করোনা সংক্রমণ রোধ করতে গিয়ে অন্যদের মতো খেটে খাওয়া মানুষগুলোকেও ঘরে বন্দি থাকতে হচ্ছে। এ দুর্যোগে সাধ্যমতো আশেপাশের গরিব দুঃখি মানুষ গুলোকে সহায়তা করা ধনীদের কর্তব্য। তিনি নিজস্ব তহবিল থেকে সাধ্যমতো ত্রাণ বিতরণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, কউক চেয়ারম্যান তার নিজ তহবিল থেকে কক্সবাজার সদরের ৫শ’ পরিবারসহ শহরের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী দিয়ে হতদরিদ্র ও শ্রমিক পরিবারকে সহায়তা করেছেন।
বাংলাধারা/এফএস/টিএম












