সারাদেশের ন্যায় কক্সবাজার জেলাতেও এসে পৌঁছেছে করোনা টিকার প্রতীক্ষিত প্রথম চালান। ৭টি কার্টনে মোড়ানো ৮ হাজার ৪০০ ভায়াল (৮৪ হাজার ডোজ) ভ্যাকসিন রোববার (৩১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন (সিএস) ডা. মাহবুবুর রহমান।
কক্সবাজারে পৌঁছা টিকার চালানটি ইপিআই স্টোরে রাখা হয়েছে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুুতকারী বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফ্রিজার ভ্যানযোগে টিকাগুলো কক্সবাজার পৌঁছে।ভ্যাকসিনগুলো হস্তান্তর হবার পর জেলা শহরের ইপিআই ভবনে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তায় সংরক্ষিত রাখা হয়েছে। ভ্যাকসিনগুলো ইপিআই সেন্টারের সঠিক তাপমাত্রা (প্লাস২ থেকে প্লাস ৮ ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা হচ্ছে।
সিএস আরো জানান, আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রয়োগ শুরু হবে। সরকারি নির্দেশনা মোতাবেক প্রথম ধাপে ফ্রন্ট লাইনের জেলার প্রায় ৫ হাজার স্বাস্থ্যকর্মী, ডাক্তার, পুলিশ, শিক্ষক ও প্রশাসনের লোকদের মধ্যে করোনার টিকা প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে তা প্রয়োগ হবে সবার মাঝে। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরাই মূলত টিকা প্রয়োগের কাজটি করবেন।
তিনি আরো জানান, ইতোমধ্যে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুুতি নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এজন্য চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালীর স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাধারা/এফএস/এআর






