জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজার শহরের শীর্ষ অপরাধী আবছার বাহিনীর প্রধান আবছারকে গ্রেফতার করেছে কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচারসহ ১৯টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দিনগত রাত ১১টার দিকে কক্সবাজার শহরের টেকনাইফ্যা পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতার মো. নুরুল আবছার (২৭) কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া (বাছা মিয়ার ঘোনা) ৭নং ওয়ার্ডের রশিদ ড্রাইভারের ছেলে ।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি টিম পৌরসভার টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৯টি মামলার আসামী আবছার বাহিনীর প্রধান মোঃ নুরুল আবছারকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মারামারির মামলা ৪টি, অস্ত্র মামলা ২টি, দ্রুত বিচার ১টি, দস্যুতা মামলা ২টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টি সহ মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।












