কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবিব (১৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝা-মাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সৈকতে দায়িত্বরত কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম।
মৃত মেহেদী হাসান আবিদ, বান্দরবানের আজিজনগরের গায়নাকাটা এলাকার বাসিন্দা।
আবিদের সঙ্গে ভ্রমণে আসা মোহাম্মদ আরিফ জানান, তারা ৪ জন বন্ধু, সবাই চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের দোকানের কর্মচারী। বৃহস্পতিবার সকালে ৪ জন মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। অপর দুইজন হলে মোহাম্ম্মদ তানজিম ও রিপন। দুপুর আড়াই টার দিকে সৈকতের গোসল করতে নামেন। এক পর্যায়ে আবিদ স্রোতের টানে নিখোঁজ হন। বিষয়টি সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড কর্মীদের জানানো হয়। বিকেল সাড়ে ৪ টার দিকে সৈকতের পানিতে পাওয়া যায় আবিদকে।
কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম জানান, আবিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জেলা প্রশাসন পরবর্তী ব্যবস্থা নিচ্ছে।












