চট্টগ্রাম নগরীতে বাচিক শিল্প সংস্থা কণ্ঠনীড়ের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতায় উদযাপিত হয়েছে কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরীর ষাটতম জন্মদিন।
রবিবার (১ মার্চ) আয়জিত এ অনুষ্ঠানে চট্টগ্রামের আবৃত্তি শিল্পী, কবি, সাংবাদিক, কণ্ঠশিল্পীসহ নানা স্তরের সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত থেকে কবিকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।
অনুষ্ঠানটি শুরু হয় সেলিম রেজা সাগরের স্বগত বক্তব্যের মাধ্যমে। তিনি কবি জিন্নাহ চৌধুরীর সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক অঙ্গনে তাঁর দীর্ঘ পথচলার নানা দিক তুলে ধরেন।
পরবর্তীতে একে একে বক্তব্য দেন কবি রিজোয়ান মাহমুদ, আকতার হোসাইন, ইউসুফ মুহাম্মদ, কামরুল হাসান বাদল, অধ্যাপক মুজিব রহমান, রাশেদ হাসান, ফারুক তাহের, এয়াজ মাবুদ, হৃদয় হাসান বাবু, গৌতম চৌধুরী, মিশফাক রাসেল, হ্যাপি চৌধুরী, রুনা চৌধুরী, সাইফুর রহমান, শিলা দাশ গুপ্তা, মাসুদ বকুল, আফিয়া হাসান মীরা, মাহবুবা চৌধুরী, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বনকুসুম বড়ুয়া, মাহবুবুর রহমান ও দেবাশীস রুদ্র।
বক্তারা তাঁদের বক্তব্যে কবির সাহিত্য সাধনা, সমাজমনস্ক চিন্তা ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জিন্নাহ চৌধুরীর কবিতা ও ছড়া সময়ের কথা বলে, মানুষের কথা বলে এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে।
আলোচনা পর্বের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। আবৃত্তি ও গান পরিবেশন করেন প্রতিমা দাশ, শিমলা চৌধুরী, মহুয়া, লাভলী, হীরা, সুমী দাস, লিপি চৌধুরী, রুনা তাসমিনা ও আসিফ ইকবাল প্রমুখ। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত দর্শক-শ্রোতারা তা উপভোগ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে জন্মদিনের কেক কাটা হয় এবং কবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উষ্ণ ভালোবাসা ও আন্তরিকতায় ভরপুর এ আয়োজন কবি জিন্নাহ চৌধুরীর দীর্ঘ সাহিত্যজীবনের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।













