৩১ মার্চ ২০২৬

কণ্ঠশিল্পী লিজা গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাংলাধারা ডেস্ক »

ক্লোজআপন ওয়ান খ্যাত তারকা কণ্ঠশিল্পী সনিয়া সুলতানা লিজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) লিজার পরিবার তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানান, তার পিত্তথলিতে পাথর হয়েছে। এদিন রাতে লিজার গলব্লাডারে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা যায়, তার পিত্তথলিতে অস্ত্রোপচার সফল হয়েছে। দীর্ঘদিন ধরে লিজা গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন। দিন দিন এটা বড় হচ্ছিল। তাই পরিকল্পনা করেই রোববার অস্ত্রোপচার করা হয়েছে।

আইসিইউ থেকে লিজাকে এখন সাধারণ বেডে রাখা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানা যায়।

লিজা ২০০৮ সালে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হন। গানের ভুবনে যাত্রা শুরু প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন সময়ে এক শিক্ষিকার উৎসাহে। লিজা তখন পড়তেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের শিক্ষিকা রাবেয়া খানমের পরামর্শে বাবা তাকে ভর্তি করে দেন ‘গৌরীপুর সঙ্গীত নিকেতনে’। সেখানে তিনি বছর তিনেক উচ্চাঙ্গ, পল্লী আর আধুনিক গান শিখেছিলেন। তারপর লিজা গান শিখেছেন ময়মনসিংহ শিল্পকলা একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন আনুর কাছে। এই ওস্তাদজী তাকে শিখিয়েছেন ক্ল্যাসিক্যাল, আধুনিক গান। মিডিয়াতে তিনি যাত্রা শুরু করেন ২০০৪ সালে নতুন কুঁড়িতে অংশগ্রহণের মাধ্যমে।

২০১২ সালে প্রকাশিত হয় লিজার প্রথম একক অ্যালবাম ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১’। লিজার দ্বিতীয় অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে। এছাড়া অগনিত মিক্সড এবং ডুয়েট অ্যালবাম, অসংখ্য প্লে-ব্যাক করার পাশাপাশি নিয়মিত স্টেজ শো করে যাচ্ছেন লিজা। আধুনিক, ক্ল্যাসিক্যাল, ফিল্ম স্কোর, ফিউশন, পপ, হিপহপ, রক- সব ধরনের গানই কণ্ঠে তুলে নিতে দেখা যাচ্ছে লিজাকে। অসংখ্য মিউজিক ভিডিওতেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন