২৬ মার্চ ২০২৬

কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামস্থ পোশাক শিল্প শ্রমিকদের মাঝে গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদন»

করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামস্থ সকল পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের গণ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন হয়েছে অদ্য ২৩ নভেম্বর, ২০২১ইং রোজ-মঙ্গলবার, সকাল- ১১:০০ টায় নাসিরাবাদস্থ আরডিএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনি গার্মেন্টস্ লিঃ প্রাঙ্গণে। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ডাঃ মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, সিভিল সার্জন, চট্টগ্রাম, জনাব মোহাম্মদ সোলাইমান, পিপিএম(সেবা), পুলিশ সুপার, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম ও জনাব আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, ডিআইজি, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রাম।

আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, পরিচালক সর্বজনাব এ.এম. শফিউল করিম (খোকন), এম. আহসানুল হক, মোঃ হাসান (জ্যাকী), মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন প্রথম সহ-সভাপতি জনাব এস.এম. আবু তৈয়ব, প্রাক্তন সহ-সভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক সর্বজনাব শেখ সাদী, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক।

অনুষ্ঠানের সভাপতি বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনা মহামারীর প্রেক্ষিতে পোশাক শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছিল। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রনোদনা ঋণ সহায়তা ও স্বাস্থ্য বিধি প্রতিপালন পূর্বক কারখানা খোলা রাখার সিদ্ধান্তের ফলশ্রুতিতে বর্তমানে বিদেশী ক্রেতা কর্তৃক রপ্তানি আদেশ বৃদ্ধির প্রেক্ষিতে পোশাক শিল্প ঘুরে দাঁড়ানোর প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন- শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ছাড়া কারখানা চলবে না, কারখানা না চললে দেশের অর্থনীতি’র প্রবৃদ্ধির অর্জন সম্ভব নহে। পোশাক শিল্প শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গণ টিকা প্রদানে বিজিএমইএ’র অনুরোধের প্রেক্ষিতে কার্যক্রম শুরু করার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ হাসান শাহরিয়ার কবীর বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পোশাক শিল্প মালিক ও শ্রমিকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় স্বাস্থ্য বিধি মেনে পোশাক কারখানা খোলা রেখে অর্থনীতির চাকা সচল রাখায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক স্থিতিশীল রয়েছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা নেটের অংশ হিসেবে পোশাক শিল্প শ্রমিকদের গণ টিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে, কারণ শ্রমিকরা সুস্থ থাকলে দেশের অর্থনীতিও সুস্থ থাকবে। পোশাক শিল্প কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় শিল্প মালিকদের গৃহীত পদক্ষেপের ভূঁয়াসী প্রশংসা করে তিনি আরো বলেন- স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের ফলে শ্রমিক-মালিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, শিল্প পুলিশ, চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সোলাইমান, পিপিএম(সেবা), কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের ডিআইজি জনাব আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, চট্টগ্রামস্থ পোশাক শিল্প মালিকদের পক্ষে বিজিএমইএ প্রাক্তন প্রথম সহ-সভাপতি জনাব এস.এম. আবু তৈয়ব ও শ্রমিকদের পক্ষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন- ইউনি গার্মেন্টস্্ লিঃ এর শ্রমিক জনাবা সুজিতা দত্ত।

সভায় বিপুল সংখ্যক পোশাক শিল্প মালিক, পোশাক শ্রমিক, বিজিএমইএ’র কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইপিজেড সহ বিজিএমইএ’র সদস্যভূক্ত চট্টগ্রামস্থ ৩৫০টি খোলা পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রায় ৫ লক্ষ শ্রমিকদের সকলকে পর্যায়ক্রমে গণ টিকা প্রদান করা হবে। অদ্য নাসিরাবাদ এলাকায় ইউনি গার্মেন্টস সহ ১২টি পোশাক শিল্প প্রতিষ্ঠানে ১৩ হাজার শ্রমিককে টিকা প্রদান করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন