১৯ মার্চ ২০২৬

করোনায় প্রাণ হারালেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম

বাংলাধারা প্রতিবেদন  »

দেশের শীর্ষ সারির শিল্পপতি ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ হাশেম (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান।

এভারকেয়ার হাসপাতালের হেড অফ মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ এম এ হাশেমের মৃত্যু খবর নিশ্চিত করেন।

এর আগে পারিবারিক সূত্র জানায়, এম এ হাশেম করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার পর ১১ ডিসেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৬ ডিসেম্বর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তামাক ও ভোগ্য পণ্যের ব্যবসা দিয়ে শুরু করে দেশের শীর্ষ ব্যবসায়ীর কাতারে উঠে আসেন এই শিল্পপতি। পারটেক্স গ্রুপের মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিংসহ বহু প্রতিষ্ঠানে। ড্যানিশ কনডেন্সড মিল্কের মাধ্যমে দেশে তিনিই প্রথম কনডেন্সড মিল্ক কারখানা গড়ে তোলেন।

পারটেক্স গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। এই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ড্যানিশ ফুড লিমিটেড, পারটেক্স টিস্যু লিমিটেড, পারটেক্স কোলা, স্টার পার্টিক্যাল বোর্ড মিলস লিমিটেড, পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পারটেক্স এডহেসিভ লিমিটেড, পারটেক্স কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টার জিপসাম বোর্ড মিলস লিমিটেড, পারটেক্স বোর্ডস অ্যান্ড ডোরস, পারটেক্স ফার্নিচার, পারটেক্স বেভারেজ, পারটেক্স প্লাস্টিকস, পারটেক্স লেমিনেটস লিমিটেড, অ্যাম্বার পাল্প অ্যান্ড পেপার, অ্যাম্বার কটন, করভি মেরিটাইম কম্পানি লিমিটেড প্রভৃতি।

শিল্পপতি এম এ হাশেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন