বাংলাধারা ডেস্ক »
দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৭৭৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১৪ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ৫২ হাজার ৪৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ১৫৯টি। করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৮৮ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ২৫৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৮ জন ও নারী ১২০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৪৭৮ জন ও নারী ছয় হাজার ৩০১ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫০ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।
বাংলাধারা/এফএস/এআর












