৫ ফেব্রুয়ারি ২০২৬

কর্ণফুলীতে ফুটপাত মুক্ত, কিন্তু মহাসড়কেই বাজার! প্রশ্ন স্থানীয়দের!

ফুটপাত উচ্ছেদে স্বস্তি, মহাসড়কের বাজার নিয়ে শঙ্কা

চট্টগ্রামের কর্ণফুলীতে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। তবে একই উপজেলার জাতীয় মহাসড়ক দখল করে শিকলবাহা ক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বাজার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ থেকেই যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-বন্দর বিভাগের অভিযানে সড়কের ওপর গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকান ও ঝুপড়ি উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানা।

এডিসি মাসুদ রানা বলেন, “ফুটপাত দখল করে কোনো স্থাপনা বসতে দেওয়া হবে না। চলাচলে বিঘ্ন ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”

ফুটপাত মুক্ত হওয়ায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা। তবে তাদের একাংশের প্রশ্ন, শিকলবাহা ক্রসিংয়ে সপ্তাহে দুই দিন মহাসড়কের ওপর বসা বিশাল অবৈধ বাজার কেন বন্ধ হচ্ছে না?

তাদের দাবি, এই বাজারে ১৫০ থেকে ২০০ ভাসমান দোকান সড়কের দুই পাশ দখল করে, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। নির্বাচন সামনে রেখে এ নিয়ে কার্যকর উদ্যোগ দাবি করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাইওয়ে থানা ও উপজেলা কার্যালয়ের কাছে অবস্থিত হলেও দীর্ঘদিন ধরে এই বাজারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। সংশোধিত মহাসড়ক আইনে হাট-বাজার বসানো নিষিদ্ধ থাকলেও বাজারটি চালু আছে বলেই অভিযোগ।

নাগরিকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নির্বাচনী সময়ে এ ধরনের অনিয়ন্ত্রিত বাজার আইন-শৃঙ্খলা ও যান চলাচলের জন্য হুমকি হতে পারে। তারা জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা করছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ