৩১ মার্চ ২০২৬

কর্ণফুলী নদীতে চালু হচ্ছে ওয়াটার বাস সার্ভিস

বাংলাধারা প্রতিবেদন »

যানজট থেকে মুক্তি দিতে চলতি মাসেই চট্টগ্রামে প্রথমবারের মত কর্ণফুলী নদীতে চালু হচ্ছে ওয়াটার বাস সার্ভিস। কর্ণফুলী নদীর সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে এটি। এ জন্য দুই জায়গায় যাত্রীদের ওঠা-নামার সুবিধার্থে আলাদা টার্মিনালও নির্মাণ করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড় থেকে শাহ আমানত বিমান বন্দরের দূরত্ব সড়ক পথে ১৮ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে যানজট ঠেলে অন্তত ১০টি ট্রাফিক সিগনাল পার হতে হয়। এতে লেগে যায় দুই থেকে আড়াই ঘণ্টা। সময়মত পৌঁছাতে না পারার কারণে অনেক সময় যাত্রীদের ফ্লাইটও মিস হয়। তাই যাত্রীদের স্বল্প সময়ে বিমানবন্দরে পৌঁছাতে ও স্বস্তিদায়ক একটি ভ্রমণের লক্ষ্যে  এইওয়াটার বাস সার্ভিস চালু করা হচ্ছে।

মূল শহর থেকে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে এই ওয়াটার বাসের মাধ্যমে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পৌঁছানো সম্ভব হবে।

এ প্রসঙ্গে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসাইন বলেন, প্রাথমিকভাবে দুটি ওয়াটার বাস দিয়ে বিমানযাত্রীদের আনা নেয়ার কাজ শুরু হবে। বিমানযাত্রী ছাড়াও সাধারণ যাত্রীরাও এ বাসে যাতায়াত করতে পারবেন। একটি বাসে ২৫ জন করে যাত্রী যাতায়াত করতে পারবেন। আর এজন্য প্রতি যাত্রীকে ৪শ টাকা ভাড়া দিতে হবে। পাশাপাশি যা এক টন পণ্য পরিবহন করাবে । ৯ নম্বর মহাবিপদ সংকেতেও ওয়াটার বাস চলবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, আপাতত ২টি ওয়াটার বাস নিয়ে সার্ভিসটি চালু হলেও পরে আরও নৌযান যুক্ত হবে বহরে। আর এই সার্ভিসে অবকাঠামো ভাড়া দিয়ে বছরে এক কোটি টাকা আয় করতে পারবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন