কক্সবাজার প্রতিনিধি»
ছুটি শেষে ফিরছিলেন কর্মস্থলে, প্রায় পৌঁছেও গিয়েছিলেন কাছাকাছি। কিন্তু একটি কুকুরকে বাঁচাতে গিয়ে তাকে বহনকারী সিএনজি টেক্সিটি উল্টে নিহত হয়েছেন সম্বল চাকমা (৪৩) নামের একজন পুলিশ।
আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে কর্মরত ছিলেন তিনি । ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উখিয়া-টেকনাফ সড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত এএসআই সম্বল চাকমা বান্দরবানের রুমা উপজেলার ভরতপাড়ার এলাকার দয়া চাঁন চাকমার ছেলে।
এপিবিএন সূত্র জানায়, ছুটিতে বাড়িতে গিয়েছিলেন সম্বল। ছুটি শেষে বৃহস্পতিবার সকালে বান্দরবান থেকে কর্মস্থলে ফেরার পথে তাকে বহনকৃত সিএনজির সামনে হঠাৎ কুকুর চলে আসলে চালক নিয়ন্ত্রন হারালে সিএনজিটি উল্টে যায়। ওই সময় ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, নিহতের মরদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












