১৪ মার্চ ২০২৬

কলাতলী থেকে অস্ত্র, ইয়াবা ও নারী এনজিওকর্মীসহ উখিয়ার জনপ্রতিনিধি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি »

কক্সবাজারের পর্যটন জোন কলাতলী থেকে ইয়াবা, অস্ত্র ও এনজিওকর্মী এক নারীসহ উখিয়ার এক জনপ্রতিধিকে আটক করেছে কক্সবাজার থানার পুলিশ। শনিবার সকালে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের গ্রীন প্যালেসের সামনে থেকে তাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০০ ইয়াবা, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় বন্দুক জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

আটক জয়নাল আবেদীন (৪০) উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য। সাথে আটক নারী জিন্নাতুন নেছা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত একজন এনজিওর কর্মী। তার বাড়ি বগুড়ায় বলে জানিয়েছে পুলিশ। 

কক্সবাজার সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন, মেম্বার জয়নাল আবেদীন মাদক ও অস্ত্রসহ হোটেলে অবস্থান করছে এমন সংবাদে থানার উপ-পরিদর্শক (এসআই) সনৎ বড়ুয়া অভিযান চালায়। এনজিওকর্মী জিন্নাতুন নেছাসহ তাকে আটক করা হয়। তাদের কাছ থেকে পৃথক ২০০ করে ৪০০ ইয়াবা, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় বন্দুক জব্দ করা হয়। 

তিনি আরো জানান, গ্রেফতার জয়নাল মেম্বারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে এবং জিন্নাতুন নেছার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, উখিয়া থানায় জয়নালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ