৩০ মার্চ ২০২৬

কাউন্সিলর প্রার্থীর সাথে ইপসার শিশু ও যুবস্বেচ্ছাসেবক ফোরাম

বাংলাধারা প্রতিবেদন »

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী ইশতিহার শিশু ও যুববান্ধব করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের শিশু ও যুববান্ধব প্রস্তাবনা তুলে দিয়েছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র শিশু ও যুবস্বেচ্ছাসেবক ফোরাম।

বুধবার (১৮ মার্চ) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত ‘নির্বাচনী ইশতিহারে শিশু ও যুববান্ধব প্রস্তাবনা অন্তর্ভুক্তি’ শীর্ষক এক সভায় এসব প্রস্তাবনা তুলে ধরে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সেইভ দ্যা চিলড্রেন ও একশান এইডের সহযোগীতায় এ সভার আয়োজন করে ইপসা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর আলম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মোবারক আলী, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী শাহীন আকতার, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজমুল হক ডিউক।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার ফারহানা ইদ্রিস, প্রজেক্ট কোর্ডিনেটর সানজিদা আক্তার, একশান এইডের প্রতিনিধি নাজমুল হুদা প্রমুখ। এছাড়া এতে ইপসার শিশু ও যুবস্বেচ্ছাসেবক ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে চট্টগ্রাম শহরকে তামাকমুক্ত শহর হিসেবে গড়ে তোলা, হাসপাতালগুলোকে শিশু ও যুববান্ধব করা, খেলার মাঠ বা খোলা জায়গা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ, ওয়ার্ড অফিস ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গ্রন্থাগার তৈরি, গণপরিবহণে শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা, জলাবদ্ধতা দূরীকরণে কার্যকরী উদ্যোগ গ্রহণ, ট্রান্সজেন্ডারদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তনে উদ্যোগ গ্রহণ, নগর উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে শিশু ও যুবদের সুযোগ অংশগ্রহণ নিশ্চিত, নারীদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, সড়কে পার্কিং বন্ধসহ শিশু যুবকদের দক্ষতা উন্নয়নে কার্যকরী উদ্যোগ গ্রহণসহ নির্বাচনী ইশতিহারে আরো বেশ কিছু প্রস্তাবনা অন্তর্ভুক্তির জন্য প্রার্থীদের অনুরোধ জানায় শিশু-কিশোররা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন