২৫ মার্চ ২০২৬

কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চার শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত চার শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান, সিনিয়র শিক্ষক গাজী রেফায়েত উল্যাহ এবং বদরুদ্দোজা তসলিম। এ সময় তারা তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল ব্যাংক মিরসরাই শাখার ম্যানেজার আনোয়ার হোসেন সাইফুল এর সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহ-সভাপতি কাজী মুসলিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আবুল হাশেম। এছাড়া অনলাইনে বক্তব্য দেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজি মোঃ আবদুর রহমান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সচিব এ কে ফজলুল করিম বাবুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য গাজী আবুল কাশেম এবং মুছাপুর হানিফ শিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান শিবলীসহ অনেকে।

প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে বক্তব্য দেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের অর্থ সম্পাদক মিলাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, মোঃ আলমগীর, সোনালী ব্যাংক পিএলসি’র সিনিয়র অফিসার শ্যামল চন্দ্র দত্ত, কাজি তৌহিদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী কায়সার হামিদ মেহেরাজ, কাজী মোঃ মামুন, দেলোয়ার হোসেন, কাজি রহমতুল ইসলাম, কাজি মোকাররম হোসেন, রিটন চন্দ্রসহ অনেকে।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের জীবনী পাঠ করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী কাজী রহমতুল ইসলাম, কাজী তৌহিদ, কাজী সায়েদুল কবির জিহান এবং কাজী সাদিয়া জাহান পুষ্পিতা।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের নগদ অর্থ, সম্মাননা স্মারক, ডিনার সেট এবং সহধর্মিণীসহ পরিধেয় উপহার প্রদান করা হয়। পরবর্তীতে আয়োজনের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন