১৩ মার্চ ২০২৬

‘কাফনের কাপড়’ পরে আলাউদ্দীন জিহাদীর মুক্তির দাবি

বাংলাধারা প্রতিবেদন »

ফেসবুকে আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি আলাউদ্দীন জিহাদীর মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত, চট্টগ্রাম জেলা শাখা।

বিক্ষোভ সমাবেশে নেতা কর্মীরা নানান শ্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা সরকারের কাছে আলাউদ্দিন জিহাদীকে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানান।

দেখা গেছে, নেতাকর্মীদের একটি অংশ কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন। ষড়যন্ত্রমুলক ও মিথ্যা মামলায় পুলিশ মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করেছে বলে দাবী করেন তারা। দ্রুত সময়ের মধ্যে আলাউদ্দিন জিহাদীকে মুক্তি দেয়া না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারন করেন বিক্ষোভে অংশ নেয়া নেতারা।

এসময় তারা হেফাজতে ইসলামের তীব্র সমালোচনা করেন। হাটহাজারী মাদ্রাসায় সাংবাদিক লাঞ্চনার বিষয়েও বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়াল জামাতের নেতারা।

বিক্ষোভ সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।এতে দলটির শত শত নেতাকর্মী অংশ নেন।

এর আগে, মুফতি আলাউদ্দীন জিহাদীর বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন জুবাইর, অধ্যক্ষ এসএম ফরিদ উদ্দিন, এম সোলাইমান ফরিদ, মুজিবুল হক শুক্কুর, মাওলানা হাসান রেজা, মাওলানা নাজমুল হক আকন্দ, এসএম সিরাজউদ্দীন তৈয়বী, অ্যাডভোকেট আবু নাসের তালুকদার, অধ্যক্ষ স ও ম সামাদ, কাজী শাহেদুর রহমান হাশেমী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা এনাম রেজা কাদেরী, ড. হাসান আল আজহারী প্রমুখ।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) ইয়াছমিন আকতার তিবরীজি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা দেশের খ্যাতিমান আলেমেদ্বীন আল্লামা মুফতি আলাউদ্দীন জিহাদীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারসহ ৭২ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের সুন্নী জনতাকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর মুফতি আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে কুরুচীপূর্ন স্ট্যাটাসের কারনে নারায়নগন্জের ফতুল্লা থানায় ২১ সেপ্টেম্বর আলাউদ্দিন জিহাদী সহ চারজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নারায়নগন্জ মহানগর ওলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতি হারুনুর রশীদ। ওইদিনই পুলিশ ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ