বাংলাধারা প্রতিবেদক »
অফিসে যাওয়ার পথে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তুষার রক্ষিত (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ইস্পাহানি ২ নম্বর জেটি গেট ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামের সুধীর কুমার রক্ষিতের ছেলে। তিনি ইয়ংওয়ানে প্যাটেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই মেয়ে ও দুই ছেলের জনক। পরিবার নিয়ে নগরের ব্যাটারি গলি এলাকায় থাকতেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, কাভার্ডভ্যান জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।












