বাংলাধারা ডেস্ক »
নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন স্ত্রী ও আরেক সন্তান।
শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গার্মেন্টস কর্মী আবু সালেহ (২৮) ও তার ৯ মাস বয়সী সন্তান আবদুল্লাহ আল সুমিত। গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায়, পরিবার নিয়ে থাকতেন আকমল আলী রোডের মনির বিল্ডিংয়ে।
জানা যায়, স্বামী-স্ত্রী ও পুত্র সন্তানরা রিকশায় ছিলেন। পেছনে ছিল লরি। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকুনিতে রিকশা থেকে তারা পড়ে যান। এসময় পেছনে থাকা কাভার্ডভ্যানের চাকায় পিতা-পুত্র পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইপিজেড থানার এসআই আবু সাঈদ বলেন, সকালে লরির চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে।












