২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে নির্যাতিত সেই রুপম কান্তির জামিন মঞ্জুর করেছেন আদালত

বাংলাধারা ডেস্ক »

আর্থিক লেনদেন সংক্রান্ত কারণে চট্টগ্রাম কারাগারে নির্যাতিত সেই রুপম কান্তি দেবনাথের জামিন মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৩ মার্চ) মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত রুপম কান্তিকে জামিন দেন।

আদালত সূত্রে জানা যায়, পূর্বপরিচিত রতন ভট্টাচার্যের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় (জিআর মামলা নম্বর: ৩৩২/১৮) গত বছরের ১৫ ডিসেম্বর কারান্তরীণ হন নগরের পাহাড়তলীর বাসিন্দা রুপম কান্তি দেবনাথ। রতন ও রুপম ব্যবসায়ীক অংশীদার। বর্তমানে রুপম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কারা কর্তৃপক্ষের অধীনে চিকিৎসাধীন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগে সোমবার (১ মার্চ) আদালতে নালিশি মামলা করেন রুপমের স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ। মামলায় জেল সুপার, জেলার, কারা হাসপাতালের চিকিৎসক ও রতন ভট্টাচার্যকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, নির্যাতনের খবর পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বন্দি রুপম কান্তি দেবনাথের উন্নত চিকিৎসার জন্য আদালতে আবেদন করেন মামলার বাদি। আদালত আবেদনটি মঞ্জুরও করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সেখানে আসামিরা নির্যাতনের আলামত লুকানোর চেষ্টা করে। বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। আসামি রতন ভট্টাচার্যের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় কারাগারে যান ভুক্তভোগী রুপম কান্তি দেবনাথ।

বাদির আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী সুমন সংবাদ মাধ্যমকে বলেন, আদালতে রুপম কান্তির জন্য দুটি পিটিশন দিয়েছিলাম। আদালত জামিন শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন