কারাতে প্রশিক্ষণের মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন শিহান এ বি রনি। বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত প্রথম লাইসেন্সিং পরীক্ষায় সফলতার সঙ্গে ‘এ’ গ্রেড লাইসেন্স অর্জন করেছেন তিনি।
গত ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬, ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন-এর নিয়মতান্ত্রিক মানদণ্ড অনুসরণ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই কোচ লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে কারাতে প্রশিক্ষকদের দক্ষতা যাচাই ও আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ হিসেবে এই পরীক্ষা আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের অভিজ্ঞ কোচরা অংশগ্রহণ করেন।
কঠোর মূল্যায়ন প্রক্রিয়া, লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যোগ্য কোচদের বাছাই করা হয়। সেই পরীক্ষায় শিহান এ বি রনি কৃতিত্বের সঙ্গে ‘এ’ গ্রেড অর্জন করেন, যা কোচিং দক্ষতার সর্বোচ্চ স্বীকৃতিগুলোর একটি হিসেবে বিবেচিত।
এই সাফল্যের ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন-এর ডাচবাংলা অডিটোরিয়ামে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম এবং সঞ্চালনা করেন নির্বাহী সদস্য শামসের আলম ভুঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের কোচ তৈরি ছাড়া বিশ্বমানের খেলোয়াড় তৈরি সম্ভব নয়। এই লাইসেন্সিং প্রক্রিয়া দেশের কারাতে অঙ্গনে পেশাদারিত্ব ও জবাবদিহিতা বৃদ্ধি করবে। তারা আশা প্রকাশ করেন, ‘এ’ গ্রেডপ্রাপ্ত কোচরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় দেশের জন্য সাফল্য বয়ে আনতে সক্ষম খেলোয়াড় গড়ে তুলবেন।
উল্লেখ্য, শিহান এ বি রনি এর আগে ২০২৩ সালে এশিয়ান কারাতে ফেডারেশন থেকে সার্টিফাইড কোচেস লাইসেন্স অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি কারাতে প্রশিক্ষণ ও সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ কারাতে টিচার্স (কোচেস) এসোসিয়েশন-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট মহলের মতে, তার এই অর্জন দেশের কারাতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও আন্তর্জাতিক মানসম্মত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













