বাংলাধারা প্রতিবেদন »
দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের জন্য অনেকেই অপেক্ষা করে আছেন। অনেকে আবার দ্বিতীয় ডোজ টিকা না পাওয়ার আশঙ্কাও করেছিলেন। কিন্তু সব আশঙ্কা কাটিয়ে সুখবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
গতকাল ৬ আগস্ট ভোরে তৃতীয় ধাপে আস্ট্রাজেনেকার টিকাসহ আরও দুই দেশ থেকে ২ লক্ষ ৬৬ হাজার ৪০০ ডোজ টিকা চট্টগ্রামে এসে পৌঁছেছে। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা, ৩৮ হাজার ৪০০ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং ১ লাখ ২০ হাজার ডোজ চীনের তৈরি সিনোফার্মের টিকা।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, ‘আগামীকাল (রোববার) থেকে সকল টিকাকেন্দ্রে একযোগে আস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ প্রতিদিন সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত প্রদান করা হবে।’
টিকা না পাওয়ার আশঙ্কা যারা করছেন তাদের উদ্দেশ্যে সেখ ফজলে রাব্বি জানান, ‘চট্টগ্রামে যত মানুষ বাকি ছিল এর চেয়ে বেশি টিকা মজুত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সবার কাছে এমএমএস যাবে। নির্দিষ্ট কেন্দ্রে এসএমএসসহ যোগাযোগ করতে হবে। পূর্বে যারা এসএমএস পেয়েছেন তাদেরকে এ মুহূর্তে এসএমএস দেওয়া সম্ভব হবে না। তবে তারা টিকা পাবেন। তাদের অনুরোধ করব শুরুর দু’তিনদিন পর নির্দিষ্ট টিকাকেন্দ্রে আসতে। এ মুহূর্তে যারা এমএসএস পাচ্ছেন শুধুমাত্র তারাই আসবেন।’
বাংলাধারা/এআই












