বাংলাধারা প্রতিবেদন »
নগরীর চান্দগাঁও এলাকা থেকে মো. রাজু বাদশা প্রকাশ হামকা রাজু নামের এক কিশোর গ্যাং লিডারকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাব । বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় নিজ বাসা থেকে রাজুকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বাংলাধারাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজুর বাড়িতে অভিযান চালাই। অভিযানের সময় লাইট বন্ধ করে তিনি পালাবার চেষ্টা করলেও তাকে নিজ বাসার টয়লেট থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেখানো তথ্য অনুযায়ী টেলিভিশন বক্সের পেছন থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ একটি ইলেক্ট্রিক শক বোটম উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, হামকা রাজুর বিরুদ্ধে ছিনতাই, হত্যাচেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কিশোরগ্যাং পরিচালনা ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
নগরজুড়ে মোটর সাইকেলে ঘুরে ভাসমান ছিনতাই চক্রের দলনেতা ছিল মো. রাজু বাদশা প্রকাশ হামকা রাজু। বহদ্দারহাট এলাকায় চাঁদাবাজি, বাড়াইপাড়ায় জুয়ার আসর ও ইয়াবা বিক্রির বিভিন্ন স্পট পরিচালনা করে আসছিল দীর্ঘদিন।
সম্প্রতি চাঁদার জন্য খাজা রোডে একটি টেক্সি স্ট্যান্ডে হামলা চালায় হামকা রাজু ও তার গ্রুপ। সিএনজি অটোরিকশা চালককে মারধর করে মাথা ফাটিয়ে দেয় হামকা রাজু।
বাংলাধারা/এফএস/আরডি/এআর












