২১ মার্চ ২০২৬

ক্যাসিনোকাণ্ডে পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

বাংলাধারা ডেস্ক »

ক্যাসিনোকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্যাসিনো অভিযানে আলোচিত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

গত ১৮ সেপ্টেম্বর ক্লাবটিতে অভিযানের পর তার নাম আলোচনায় ওঠে আসে। সে সময় তার অবস্থান জানা না গেলেও তিনি যে যুক্তরাষ্ট্রে আছেন তা নিশ্চিত হওয়া গেছে।

ওই দিন মতিঝিলের আরামবাগে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে প্রচুর মাদকদ্রব্য, ২০ হাজার ৫০০ টাকার জাল নোট, ১০ লাখ ২৭ হাজার টাকা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়।

এদিকে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কাওসারসহ স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন