বাংলাধারা প্রতিবেদন »
সরকারিভাবে আনা করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদি সেটা না হয়, তাহলে ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য আলাদা করে ভ্যাকসিন কিনবে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খবর: এনটিভি
বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে খবরটি নিশ্চিত করেন নাজমুল হাসান। সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ভ্যাকসিন বাংলাদেশে ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান।
ক্রিকেটারদের ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘ভারত সরকারের কাছ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে, সেটা হচ্ছে ভারত সরকারের ডোনেশন। পাশাপাশি সরকার কিনছে ৫০ লাখ। আমার জানা মতে, ওটা ২৫ তারিখে আসবে (প্রথম চালান)। আমরা এতটুকু জানি, সরকারের যে ৫০ লাখ, ওখান থেকে ক্রিকেটারদের জন্য আছে। আমি শুনেছি, সরকারের একটা পরিকল্পনা আছে।’
বাংলাধারা/এফএস/এআর












