১৬ মার্চ ২০২৬

ক্লাসরুম সংকট নিরসন দাবিতে চবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন কলা ও মানববিদ্যা অনুষদের ক্লাসরুম সংকট, নতুন কলাভবন খুলে দেওয়া এবং পুরাতন কলা ও মানববিদ্যা অনুষদের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কার্যের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের কলা অনুষদের উদ্যােগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সভাপতি জিতায়ন চাকমার সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন কলা অনুষদের সাধারণ সম্পাদক সাজাং চাকমা। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর এবং সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক।

মানববন্ধনে গৌরচাঁদ ঠাকুর বলেন, দীর্ঘদিন ধরে নির্মাণাধীন নতুন কলা ভবন এবং নবনির্মিত ক্যান্টিন খুলে না দিতে পারা প্রশাসনের চরম ব্যর্থতার পরিচয়। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন প্রকল্পের নামে গাছকাটাসহ অন্যান্য প্রকল্পে অর্থ ব্যয় না করে ক্লাসরুম সংকট, আবাসন সংকট ও শিক্ষার্থীদের অন্যান্য মৌলিক সমস্যাগুলোর সমাধানে প্রশাসন যদি মনযোগী হতো তাহলে বিশ্ববিদ্যালয় প্রকৃত অর্থে জ্ঞান সৃষ্টির জায়গা হয়ে উঠতো।

প্রত্যয় নাফাক বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটের একটি বড় অংশ যেখানে শিক্ষক-কর্মচারীদের বেতন ও পেনশনের পেছনে ব্যয় করা হচ্ছে, সেখানে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও গবেষণা খাতে বরাদ্দের পরিমাণ খুবই নগন্য। নতুন কলা ভবন খুলে না দেওয়া শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের বিরূপ আচরণেরই প্রতিফলন। এর বিরুদ্ধে শিক্ষার্থীদের অবশ্যই সোচ্চার হতে হবে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎপল চাকমা, পালি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুইম্রোসাই মারমা, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোনাল চাকমা প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন