খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলাতে এক স্কুলশিক্ষকসহ আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ জন। ইতোমধ্যে জেলার দুর্গম লক্ষ্মীছড়ি ও গুইমারা উপজেলা ছাড়া সাত উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
রোববার (৩১ মে) সকালে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলশিক্ষকসহ আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নতুন করে করোনায় আক্রান্ত তিনজনের মধ্য খাগড়াছড়ি সদরের একজন, মহালছড়ির একজন ও মাটিরাঙ্গার একজন।
এদিকে, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চট্টগ্রামফেরত স্বামীর করোনা শনাক্ত হওয়ার সপ্তাহ পার না হতেই স্কুলশিক্ষিকা স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত পরিবার মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাবুপাড়ার নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন বলে জানান মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












