১৩ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে সড়কে ভোগান্তি

খাগড়াছড়ি প্রতিনিধি»

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে কাঠ বোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও। দুই ঘন্টারও বেশি সময় ধরে আটকে ছিলো যাত্রীবাহি বিভিন্ন পরিবহন। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের আট মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ বোঝাই একটি ট্রাক উল্টে যায়।

এ সময় হতাহতের ঘটনা না ঘটলেও খাগড়াছড়ি-দীঘিনালা, রাঙ্গামাটির বাঘাইছড়ি-লংগদু, মারিশ্যা ও পর্যটন কেন্দ্র সাজেক সড়কের যাত্রী ও পর্যটকরা ভোগান্তিতে পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মূল সড়কের বাইরে সড়কের পাশ দিয়ে পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

পুলিশ জানায়, দীঘিনালা থেকে কাঠ নিয়ে ট্রাকটি খাগড়াছড়ি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। পথিমধ্যে সদরের আট মাইল এলাকার পাহাড়ি টিলা সড়ক উঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আড়াআড়িভাবে পড়ে থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সড়কের পাশের ঝোপঝাড় পরিস্কার করে আটকা পড়ে পরিবহন গুলো ছেড়ে দেয়া হচ্ছে। সড়কের ওপর পড়ে থাকা কাঠ ও ট্রাক অপসারণের কাজও চলছে একইসাথে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশিদ জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার পলাতক রয়েছেন। প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি-দীঘিনালা সহ রাঙ্গামাটির ৩ উপজেলা ও পর্যটন নগরী সাজেকের চলাচলের একমাত্র সড়কটি প্রশস্তকরণের পাশাপাশি কাঠ, বাঁশ বোঝাই ট্রাক চলাচল সীমিত করার দাবি স্থানীয়দের।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ