২৬ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে ঠাণ্ডাজনিত রোগে মাসে ১১ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়িতে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে চাপ বেড়েছে হাসপাতালে। এদের বেশির ভাগই শিশু। সর্দি, কাশি নিয়ে প্রতিদিন হাসপাতালে ভীড় বাড়ছে শিশু রোগীর। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ১২০ থেকে দেড় শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়াও হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত বেডের বেশি রোগী ভর্তি রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিজনাল ফ্লু ছাড়াও নিউমোনিয়া, ব্রংকিউলাইটিস রোগী বেড়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ শিশুসহ চলতি মাসে ১১ শিশু মারা গেছে। এদের বেশির ভাগই জেলার প্রত্যন্ত বিভিন্ন এলাকা থেকে এসে সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছিল। সোমবার (৩১ জানুয়ারি) বিকাল পর্যন্ত হাসপাতালের শিশু ওয়ার্ডে ২৮ জন শিশু ভর্তি রয়েছে।

চিকিৎসকরা জানান, সারা বছরই নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি থাকে। এসব রোগ শীতকালে বাড়ে। এবছর তুলনামূলক বেশি হওয়ায় হাসপাতালে চাপ বেড়েছে। প্রতিদিন ৪ জন চিকিৎসক হাসপাতালের আউটডোর-ইনডোরে রোগী দেখছেন।

জেলা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, এ সময়টাতে সচেতনতার পাশাপাশি শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া হাসপাতালে এনআইএসইউ, পিআইসিইউ না থাকায় শিশুদের ক্রিটিক্যাল ইলনেস মুহূর্তে প্রাথমিক সেবা ছাড়া অন্য সেবা দেয়া সম্ভব হয় না। এ সমস্ত রোগীদের চট্টগ্রামে পাঠাতে হয়।

আরও পড়ুন