খাগড়াছড়ি প্রতিনিধি :::
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পরিষদ হার্টি কালচার পার্কের লেকে বিভিন্ন প্রজাতির এই পোনামাছ অবমুক্ত করণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: বশিরুল হক ভূঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, মৎস্য বিভাগের আহবায়ক ও খাগড়াছড়ি পাজেপ সদস্য শতরূপা চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটির সদস্য সচিব ড. মঈন উদ্দিন আহমদ অংশ নেন।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, রেম্রাচাই চৌধুরী, হিরণ জয় ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, মাঈন উদ্দিন, নিলোৎপল খীসা, মেমং মারমাসহ জেলা মৎস্য অফিসের অধিনস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথিসহ আগতরা হার্টি কালচার পার্কে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটির পক্ষ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭দিন নানা কর্মসূচীর হাতে নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এ শ্লোগানে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে মাছে-ভাতে বাঙ্গালীর চিরন্তন বৈশিষ্ট ফিরিয়ে আনতে দেশের মৎস্য খাতকে বিকশিত করতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলে মৎস্য সম্পদ অর্জনে বিশ্বে অনন্য অবদান রাখতে সক্ষম হব।
বাংলাধারা/এআই












