২৫ অক্টোবর ২০২৬

টেকনাফে চালকসহ আহত ৩

গাছ ভেঙে মাইক্রোবাসের ওপর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

মুষলধারে বৃষ্টির মধ্যে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সড়কের পাশে থেমে থাকা একটি মাইক্রোবাসের ওপর বড় আকৃতির গাছ ভেঙে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া বটতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ হক ও সালা উদ্দিনের পরিচয় জানা গেছে। আহত মাইক্রোবাসচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি টয়োটা হাইয়েস মাইক্রোবাসকে একটি পিকআপ ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে যায়।

তিনি বলেন, প্রায় ১০ মিনিট পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভারী বর্ষণের কারণে একটি বড় গাছ হঠাৎ ভেঙে মাইক্রোবাসটির ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ তিনজন আহত হন।

ওসি আরও জানান, সকাল থেকেই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের ধারণা, ভারী বর্ষণের কারণে গাছের শিকড় দুর্বল হয়ে পড়ায় সেটি উপড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পরে সড়কের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে, মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটি দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন