১৪ মার্চ ২০২৬

গাজীপুর সিটি মেয়রের একান্ত সচিব স্ত্রী-সন্তানসহ ডেঙ্গু আক্রান্ত

বাংলাধারা ডেস্ক »

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা (প্রেষণে) ড. সেলিম শেখ স্ত্রী ও সন্তানসহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

চিকিৎকের পরামর্শে তিনি ডেঙ্গু জ্বরের পরীক্ষা করালে এটি জানতে পারেন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেঙ্গু আক্রান্ত জনসংযোগ কর্মকর্তা ড. সেলিম শেখ বলেন, ‘গত মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় নিজ শরীরে ডেঙ্গু রোগের আলামত দেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেই। পরে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর পরীক্ষা করালে পজেটিভ ফল আসে।

তিনি বলেন, পরে আমার স্ত্রী ও এক সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে আমরা তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। তবে কখন কোথায় এ রোগে আক্রান্ত হয়েছি তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মকর্তা রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, গত জানুয়ারি থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এ হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে প্রায় ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। ওয়ার্ডে বিছানা না থাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের কক্ষ খালি করে আলাদা ওয়ার্ড করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. প্রণয় ভূষণ দাস আরো জানান, ডেঙ্গু রোগীর পাশাপাশি ডায়ারিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগী প্রতিদিনই এ হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ