১২ এপ্রিল ২০২৬

নেতা বা মন্ত্রীর ছেলে হতাম !

গাজী সিরাজের আক্ষেপ !

নেট দুনিয়ায় ভাইরাল

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে আক্ষেপ প্রকাশ করেছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ। তার এই বক্তব্য ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি যদি নেতা বা মন্ত্রীর ছেলে হতাম… কিছু একটা হতাম…!”—এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্যেই তিনি দেশের বর্তমান বাস্তবতার প্রতি এক ধরনের হতাশা ও ক্ষোভ তুলে ধরেন।

তিন দিন আগে দেওয়া পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এতে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি প্রতিক্রিয়া, ৫৮৫টিরও বেশি মন্তব্য এবং ২৫০টির বেশি শেয়ার হয়েছে। পোস্টে তিনি তার রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়ার ১৬টি ছবিও সংযুক্ত করেন।

গাজী সিরাজ তার বক্তব্যে ইঙ্গিত দেন, দেশে অনেক ক্ষেত্রে যোগ্যতা ও পরিশ্রমের চেয়ে পারিবারিক প্রভাব ও রাজনৈতিক পরিচয় বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে সাধারণ পরিবার থেকে উঠে আসা তরুণদের জন্য কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো দিন দিন কঠিন হয়ে উঠছে—এমন একটি বার্তাই ফুটে উঠেছে তার কথায়।

তার এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করছেন।

পোস্টের মন্তব্য ঘরে অনেকেই তার প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং নানা হামলা-মামলার শিকার হয়েছেন। অনেকে মনে করছেন, ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি।

অন্যদিকে, কিছু মন্তব্যে দলের ভেতরে ‘ত্যাগী’ ও ‘হাইব্রিড’ নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের মতে, অর্থ ও প্রভাবশালীদের দাপটে নিবেদিতপ্রাণ কর্মীরা উপেক্ষিত হচ্ছেন, যা ভবিষ্যতে দলের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে।

হোসাইন চৌধুরী মোহাম্মদ নামে একজন লিখেছেন, “বিএনপির একজন সংগ্রামী নেতা, লড়াকু সৈনিক গাজী সিরাজ ভাই। ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমলে তিনি রাজপথে সংগ্রাম চালিয়ে গেছেন। নিজের চোখে বিএনপির জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে দেখেছি। কত হামলা, কত মামলার শিকার হয়েছেন তিনি। সিরাজ ভাইয়ের মতো নেতা ছিল বলে অন্য কর্মীরাও রাজপথে থাকার সাহস পেয়েছেন। অত্যন্ত সাহসী একজন মানুষ তিনি। ইনশাআল্লাহ যোগ্য মূল্যায়ন হবে।”

জাহেদুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, “ত্যাগী নেতাদের মূল্যায়ন সময়ের দাবি। আশা করি কেন্দ্রের শুভবুদ্ধির উদয় হবে।”

মোশাররফ হোসেন নামে একজনও কমেন্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “কষ্ট নিজেও করেছেন, আমাদেরকেও দলের জন্য করিয়েছেন। আমরা কি পেলাম বিনিময়ে?”

ত্যাগী নেতাকর্মীদের অভিশাপ বড়ই নিষ্ঠুর—আক্ষেপ করে মো. হাশেম খান চিটিজি নামে একজন লিখেছেন,
“বর্তমান দল হাইব্রিডদের দখলে। টাকা নেই, কদর নেই; টাকা আছে, কদর আছে। অথচ স্বৈরাচার হাসিনার আমলে মিছিল, মিটিং, হরতাল, অবরোধে যারা সর্বোচ্চ শ্রম দিয়েছেন, তাদের কোনো মূল্যায়ন নেই। এইভাবে চলতে থাকলে দলের দুঃসময় আসতে বেশি দিন লাগবে না। ত্যাগী নেতাকর্মীদের অভিশাপ বড়ই নিষ্ঠুর।”

সব মিলিয়ে, গাজী সিরাজের এই আক্ষেপঘন পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে ত্যাগ, মূল্যায়ন এবং নেতৃত্বের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের মন্তব্য বর্তমান সমাজে সুযোগের বৈষম্য এবং তরুণদের হতাশার চিত্র স্পষ্টভাবে তুলে ধরে।

আরও পড়ুন