বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত বিএনপির বিশাল জনসভায় “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” স্লোগান দিয়েছেন।
আজ ২৫ জানুয়ারি (রবিবার) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে বক্তৃতা প্রদানকালে গিয়াস কাদের ও হুম্মাম কাদের এই স্লোগান দেন।
এই সময় জনসভাস্থলে উপস্থিত লাখো নেতা-কর্মী ও সমর্থকরা “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গলা মেলান। এতে জনসভাস্থলে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
উল্লেখ্য, সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে ৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চট্টগ্রামে বিএনপির যত জনসভা অনুষ্ঠিত হয়েছে, সবকটি জনসভায় বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বর্তমান ভাইস-চেয়ারম্যান ও সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” স্লোগান দিতেন।
২০২৩ সালে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত বিএনপির এক জনসভায় হুম্মাম কাদের চৌধুরী এই স্লোগান দিয়ে দলের ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অংশের বিরাগভাজন হন। যদিও সে সময় বিএনপির বেশিরভাগ নেতা-কর্মী ও সমর্থকরা দলের এই ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশের সমালোচনাকে অযৌক্তিক দাবি করে তীব্র প্রতিবাদ জানান এবং এই স্লোগানের জন্য হুম্মাম কাদেরকে সাধুবাদ জানান।













