খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ির গুইমারায় বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ১ জন। এ ঘটনায় আহত হয়েছে দুই বিজিবি সদস্যসহ ৫ জন।
শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের হাফছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল বাগেরহাট মোড়ালগঞ্জ থানার পুটাখালি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খাগড়াছড়ি শহর থেকে ছেড়ে যাওয়া শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন সাইফুল ইসলাম নামে কাভার্ডভ্যানের চালক। পরে হতাহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আহতদের এ ঘটনায় আহত বিজিবির দুই সদস্য নায়েক মিলন শেখ (৫০) ও সহকারী নায়েক কারুজ্জামানকে (৩৩) গুইমারা বিজিবি হাসপাতালে ও বাকিদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় গাড়ি দু’টি জব্দ করা হয়েছে এবং থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।












