বাংলাধারা প্রতিবেদন »
বীর মুক্তিযোদ্ধা ও গেদুচাচা খ্যাত বিশিষ্ট সাংবাদিক এবং আজকের সুর্যোদয়েৱ প্রধান সম্পাদক খন্দকার মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
সোমবার (২৯ জুন) বিকাল ৪টার দিকে রাজধানীর এএমজেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ফেনীর এই কৃতী সাংবাদিক। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। গত ২৭ জুন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার অবনতি হয়।

ঢাকায় সক্রিয় চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের এই সভাপতি প্রায় পাঁচ দশক ধরে লেখালেখি করেছেন। মিলিট্যান্ট কলম সৈনিকদের গুরু তিনি। বাংলাদেশে মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতাও তিনি। লায়নিজমেও যুক্ত ছিলেন।
চট্টগ্রামের দরবারে বারিয়ার এই মুরিদ উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ছিলেন সব সময় সোচ্চার।
‘গেদুচাচার খোলা চিঠি’তে গাঁও গেরামের নানান বয়সী ; আবাল বৃদ্ধ বনিতার সুখ-দুঃখের কথা তুলে ধরেছেন তিনি।
এই বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকায় অবস্থিত চট্টগ্রাম সাংবাদিক ফোরাম ও জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম












