কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার-মিয়ানমার সীমান্তের ঘুমধুম ইউপি’র রেজুআমতলী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ ৬জনকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন। আটককৃতদের মধ্যে ৫ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ অভিযান চালান বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।
আটককৃতরা হলো, কক্সবাজারের উখিয়ার থ্যাইংখালীর মো. মীর আহম্মেদ ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৫), কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এ’র ফকির আহম্মেদের ছেলে মো. রহমত উল্লাহ (২৫), একই ক্যাম্পের মো. নূর মোহাম্মদের ছেলে মো. মাহমুদুল হাসান (২১), আব্দুল আলিমের ছেলে মো. সেলিম (২২), মো. সোনা আলীর ছেলে মো. আমিন (২২) ও মৃত আলী হোসেনের ছেলে মোঃ জিয়াবুল হক (২৬)।
লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদে খবর আসে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের রেজুআমতলী বিওপি’র আমবাগান সীমানা দিয়ে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্তে ৩নং ঘুমধুম ইউপি’র রেজুআমতলী আমবাগান নামক স্থানে ফাঁদ পাতে।
তিনি আরো বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত হতে ৬ জন বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যাঞ্জেল করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের আটকের পর শরীর তল্লাশী করে কোমরে লুঙ্গি ও গামছা দ্বারা অতিকৌশলে লুকায়িত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পরে গুণে সেখানে ২লাখ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে নিয়মিত সীমান্ত পেরিয়ে ইয়াবা আনে তাদের সিন্ডিকেট। জব্দ ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এআর












