১৩ মার্চ ২০২৬

ঘূর্ণিঝড় আমফান : আশ্রয়কেন্দ্রে ২৪ লাখ মানুষ

বাংলাধারা প্রতিবেদন »  

সুপার সাইক্লোন আমফান দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে ধেয়ে আসায় ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষকে ১৪ হাজার ৬৩৬টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় সরকারের সবশেষে প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এ তথ্য জানান।

৫ লাখ ১৭ হাজার ৪৩২টি গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি লোককেও যেন ঝুঁকিপূর্ণ অবস্থানে ছেড়ে না আসা হয় আমরা সেই নির্দেশ দিয়েছি।

এনামুর রহমান বলেন, লোকসংখ্যা বেড়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা ১২ হাজার ৭৮টি থেকে বাড়িয়ে ১৪ হাজার ৩৩৬টি করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জনকে নেয়া হয়েছে, এটাই সর্বোচ্চ সংখ্যক।

১৪ হাজার ৩৩৬টি আশ্রয়কেন্দ্রে ৫৭ লাখ ১৩ হাজার ৬০৭ জন মানুষকে রাখা সম্ভব। সামাজিক দূরত্ব মানার কারণে এতে কম মানুষকে নেয়া হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী।

যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জরুরি ওষুধসহ মেডিকেল টিম প্রস্তুত আছে। আশা করছি আমরা আম্ফান থেকে রক্ষায় সর্বোচ্চ সফলতা পাব।

ভাষাণচরের ১২০টি শেল্টার সেন্টারের মধ্যে একটিতে কিছু মানুষকে রাখা হয়েছে জানিয়ে এনামুর বলেন, তাদের তদারকিতে নৌবাহিনী রয়েছে, তাদের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, এর আগে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা হয়েছে। সেখানে আমাদের প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে বেশি লোক আসছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ