কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের চকরিয়ায় তৌহিদুল ইসলাম তছিন (১৩) নামে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। সারাদেশে ছেলে ধরা আতঙ্কের গুজব থাকায় তার নিখোঁজ হওয়া নিয়ে পরিবারের উদ্বেগ-উৎকন্ঠা চলছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে পরিবারের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন নিখোঁজের পিতা। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
নিখোঁজ ছাত্রের পিতা মোহাম্মদ ইলিয়াছ জানান, তিনি পেশায় কৃষক ও দিনমজুর। তার ছেলে মো. তৌহিদুল ইসলাম তছিন (১৩) পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত। প্রতিদিনের ন্যায় ২০ জুলাই নিজবাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় তছিন।
কিন্তু সে ওইদিন স্কুলে উপস্থিতও হয়নি বাড়িও আসেনি। ধারণা করা হচ্ছে স্কুলে যাবার পথেই সে নিখোঁজ হয়। নিখোঁজ হবার ৩দিন পরেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সারাদেশে ছেলে ধরার গুজবে আমরা পরিবার বর্গ আতঙ্কগ্রস্থ হয়ে রয়েছি।
তিনি আরো জানান, ছেলের সন্ধান পেতে সহযোগিতা চেয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরী (৬৮০, তাং ২১জুলাই’১৯ইং) করা হয়েছে। কিন্তু প্রশাসনও কোন সুরাহা দিতে পারেনি।
পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধান পাওয়া কিংবা উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












