১৭ মার্চ ২০২৬

চকরিয়ায় ৫ ভাই নিহতের ঘটনায় ঘাতক পিকআপ চালক ঢাকায় গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে পিকআপের ধাক্কায় পাঁচ সহোদর নিহতের ঘটনায় ঘাতক পিকআপ চালক সাইদুল ইসলাম সাইফুলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার বরাত দিয়ে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মো. শাফায়াত হোসেন শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছে, মূলত পিকআপের বেপরোয়া গতির কারণেই এই ঘটনা ঘটেছে। চাপা দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায় চালক। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আজ প্রেস ব্রিফিং করা হবে ঢাকায়।

বাবা ডা. সুরেশ চন্দ্র শীলের মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে ৮ ফেব্রুয়ারি পূজা দিতে চকরিয়ার ডুলাহাজারার মালুঘাট রিংভং ফকিরশাহ এলাকার মন্দিরে যান সাত ভাই ও দুই বোন। শেষে বাড়ি ফিরতে রাস্তা পার হওয়ার সময় তারা এক পাশে দাঁড়ালে অকস্মাৎ একটি দ্রুতগতির পিকআপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলে চার ভাইয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও এক ভাই মারা যান। নিহতরা হলেন, অনুপম চন্দ্র শীল, নিরুপম চন্দ্র শীল, দীপক চন্দ্র শীল, চম্পক চন্দ্র শীল ও সরণ চন্দ্র শীল। 

শুক্রবার তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ সম্পন্ন করেছে পরিবার। শোকাবহ পরিবেশে নিহতদের মা মানু রাণীর তত্বাবধানে বিধবা পাঁচ স্ত্রী ও এতিম সন্তানরা এ শ্রাদ্ধ করে। শ্রাদ্ধ শেষেই নিহতদের বোন শেলী রানী অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন ঘটনার পাঁচ দিন পার হলেও ঘাতক চালককে আটক করতে পারেনি শৃঙ্খলা বাহিনী। দূর্ঘটনাটি তার পরিকল্পিত বলে মনে হচ্ছে। এরপরই রাতে ঘাতক চালককে আটকের তথ্য প্রচার করলে র‌্যাব ।

আরও পড়ুন